সদর দক্ষিণে ডিবি পুলিশের বড় সাফল্য: অস্ত্র ও মাদকসহ ‘ইয়াবা সম্রাট’ সোলেমান গ্রেফতার

Date: 2026-04-25
news-banner
সদর দক্ষিণে ডিবি পুলিশের বড় সাফল্য: অস্ত্র ও মাদকসহ ‘ইয়াবা সম্রাট’ সোলেমান গ্রেফতার
​[রিপোর্টার মোঃ সোহাগ হোসেন]
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজপুর ও লালমাই পাহাড় সংলগ্ন এলাকার ত্রাস, একাধিক মামলার দুর্ধর্ষ আসামি মোঃ সোলেমান ওরফে ‘ইয়াবা সম্রাট’ সোলেমানকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার ভোরে উপজেলার দুর্গাপুর এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
​অভিযানকালে তার কাছ থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ মাদক এবং পুলিশের ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
​অভিযানের বিবরণ ও উদ্ধারকৃত সরঞ্জাম:
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল সোলেমানের বাড়িতে হানা দেয়। তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে উদ্ধার করা হয়:
​১টি বিদেশি পিস্তল ও ১টি ম্যাগাজিন।
​৫ রাউন্ড তাজা গুলি।
​১টি খেলনা পিস্তল ও ১টি চাইনিজ কুড়ালসহ বেশ কিছু দেশীয় অস্ত্র।
​৩০ পিস ইয়াবা ট্যাবলেট।
​বিশেষ সরঞ্জাম: পুলিশের ব্যবহৃত ওয়াকিটকি, হ্যান্ডকাপ (হ্যান্ডকাফ) এবং ফিল্ড ক্যাপ।
​পুলিশের বক্তব্য:
ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত সোলেমান দুর্গাপুর এলাকার মৃত আবদুল মান্নানের ছেলে। সে দীর্ঘদিন ধরে লালমাই পাহাড় ও এর আশপাশের এলাকায় মাদক ব্যবসা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র ও মাদকসহ অন্তত ৮টি মামলা বিচারাধীন রয়েছে।
​দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ডিবির ওসি শামসুল আলম শাহ্ বিষয়টি নিশ্চিত করে বলেন, "সোলেমান এলাকার একজন চিহ্নিত অপরাধী। তাকে গ্রেফতারের ফলে ওই এলাকায় স্বস্তি ফিরবে। তার বিরুদ্ধে নতুন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আজই তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।"
​এলাকার সাধারণ মানুষের দাবি, সোলেমানের মতো অপরাধীদের কঠোর শাস্তির মাধ্যমে লালমাই পাহাড় ও বিজপুর এলাকাকে অপরাধমুক্ত রাখা হোক।

Leave Your Comments