চাঁদপুর মেডিকেল কলেজে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত: আসক্তি ও মনোরোগ চিকিৎসায় জোর

Date: 2026-10-10
news-banner

চাঁদপুর প্রতিনিধি :

মনের গহীনে জমে থাকা অব্যক্ত যন্ত্রণা আর আসক্তির অন্ধকার থেকে মানুষকে আলোর পথে ফেরানোর বার্তা নিয়ে চাঁদপুর মেডিকেল কলেজে পালিত হয়েছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে আজ শনিবার (১০ অক্টোবর) দুপুর ১২টায় কলেজের ছাদে অবস্থিত সম্মেলনকক্ষে আসক্তি ও মনোরোগ চিকিৎসাবিষয়ক এক বৈজ্ঞানিক সেমিনার ও র‍্যালির আয়োজন করা হয়।

​‘অভিজ্ঞতার কথা শোনা, মানুষের কণ্ঠস্বরকে গুরুত্ব দেওয়া, বাস্তব পরিবর্তন আনা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচির মূল আলোচ্য বিষয় ছিল আসক্তি ও মনোরোগ চিকিৎসা (অ্যাডিকশন সাইকিয়াট্রি)। মানসিক স্বাস্থ্য সম্পর্কে সর্বসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং আসক্তি ও মানসিক রোগের আধুনিক চিকিৎসার গুরুত্ব তুলে ধরাই ছিল এ আয়োজনের প্রধান উদ্দেশ্য।

​চাঁদপুর মেডিকেল কলেজের মেডিকেল এডুকেশন ইউনিট ও টিচার্স অ্যাসোসিয়েশন যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। এতে বৈজ্ঞানিক সহযোগী হিসেবে ছিল এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল হোসাইন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের (ChMC) ভারপ্রাপ্ত পরিচালক ডা. এ কে এম মাহবুবুর রহমান। সেমিনারে মূল আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন কলেজের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. এ এম ফরিদুজ্জামান।

​সংশ্লিষ্টদের মতে, বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি আসক্তি ও মানসিক স্বাস্থ্যসেবা নিয়ে পেশাগত আলোচনা এবং সচেতনতা সৃষ্টিতে এই ধরনের বৈজ্ঞানিক আয়োজন অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। একই সাথে মানসিক স্বাস্থ্যকে শারীরিক স্বাস্থ্যের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করা এবং প্রয়োজন অনুযায়ী সঠিক চিকিৎসা গ্রহণের বিষয়ে সামাজিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

Leave Your Comments