সরকারি চাকরিজীবীদের জন্য ফেব্রুয়ারি মাসে সাধারণ ছুটি কত দিন

Date: 2026-01-31
news-banner
সরকারি চাকরিজীবীদের জন্য ফেব্রুয়ারি মাসে সাধারণ ছুটির পরিসর আরও সম্প্রসারিত করা হয়েছে। ফলে এ মাসে একাধিকবার টানা কয়েক দিনের অবকাশ পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।ইসলামী ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে পবিত্র শবেবরাত পালিত হবে। এ উপলক্ষে সরকার ৪ ফেব্রুয়ারি (বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করেছে। এর পরদিন ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ছুটি নেওয়া হলে ৬ ও ৭ ফেব্রুয়ারি (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের ছুটি ভোগ করা যাবে।

এদিকে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে সরকার ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে। এরপর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি শুক্রবার ও শনিবার হওয়ায় এ সময়েও টানা চার দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে।প্রধানমন্ত্রীর উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ছুটি এবং ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন সরকারি ছুটি থাকবে, যা আগেই নির্ধারিত ছিল।জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, চলতি বছরে মোট ১৪ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৯ দিন পড়ে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে।

এ ছাড়া ধর্মভিত্তিক ঐচ্ছিক ছুটির ব্যবস্থাও রাখা হয়েছে। মুসলিম সরকারি কর্মচারীরা ৫ দিন, হিন্দুরা ৯ দিন, খ্রিস্টানরা ৮ দিন, বৌদ্ধরা ৭ দিন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর কর্মচারীরা ২ দিন বিশেষ ছুটি ভোগ করতে পারবেন।

ফেব্রুয়ারি মাসে দুই দফায় দীর্ঘ ছুটির সুযোগ থাকায় সরকারি চাকরিজীবীদের জন্য এ সময়টি বিশ্রাম ও অবকাশ যাপনের একটি ভালো সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

Leave Your Comments